বাসস
  ২৫ মার্চ ২০২৬, ১৬:২৫

সিনিয়র সহকারি সচিব পদে ২৬৪ জনের পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি

ঢাকা,  ২৫ মার্চ, ২০২৬ (বাসস) : সিনিয়র সহকারি সচিব পদে ২৬৪ জনের পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে পদোন্নতির এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিম্নবর্ণিত ২৬৪ (দুইশত চৌষট্টি) জন কর্মকর্তা’কে বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর বিধি ৫ (বি) অনুযায়ী সিনিয়র স্কেল (সিনিয়র সহকারী সচিব) পদে (জাতীয় বেতনস্কেল, ২০১৫-এর ৬ষ্ঠ গ্রেড: টাকা ৩৫,৫০০-৬৭,০১০/-) পদোন্নতি প্রদান করা হলো।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর যোগদানপত্র প্রেরণ করবেন ([email protected]) এবং পুনরাদেশ না দেয়া পর্যন্ত বর্তমান কর্মস্থলে স্ব স্ব পদে কর্মরত থাকবেন।

জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।