বাসস
  ২৪ মার্চ ২০২৬, ১৯:১১

সুষ্ঠু-সুন্দর নির্বাচনের পর এবারের ঈদ ছিল অন্যতম সেরা ঈদ : ইসি আনোয়ারুল ইসলাম

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে প্রথম কর্মদিবসেই ঈদ পরবর্তী পুনর্মিলনী সভায় মিলিত হয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) শীর্ষ কর্মকর্তারা।ছবি: বাসস

ঢাকা, ২৪ মার্চ, ২০২৬ (বাসস) : পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে প্রথম কর্মদিবসেই ঈদ পরবর্তী পুনর্মিলনী সভায় মিলিত হয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) শীর্ষ কর্মকর্তারা।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার, তাহমিদা আহমদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ, ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ ও অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ উপস্থিত ছিলেন। 

এ সময় নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘এবারের ঈদ ছিল আমার জীবনের অন্যতম সেরা একটি ঈদ। জাতিকে এত সুন্দর নির্বাচন উপহার দেওয়ার পর সবার সঙ্গে মিলে ঈদের নামাজ আদায় করাটা ছিল দারুণ আত্মতৃপ্তির।’ 

ইসি কর্মকর্তারা জানান, টানা সাত দিনের ছুটি কাটিয়ে দাপ্তরিক কাজে গতি ফেরানো এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের লক্ষ্যেই এই সভার আয়োজন করা হয়। এই অনানুষ্ঠানিক আলোচনায় বর্তমান নির্বাচনী পরিবেশ, আটকে থাকা বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনগুলোর প্রাথমিক রোডম্যাপ নিয়ে আলোচনা হয়।