শিরোনাম

রংপুর, ৮ আগস্ট, ২০২৬ (বাসস) : বৈরী আবহাওয়া ও অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পেরে প্রায় সাড়ে ৮কিলোমিটার খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ৯৯ লাখ ২৫হাজার ৩৩৭ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছেন রংপুরের কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা।
শনিবার সকালে তিনি নিজেই বিষয়টি স্বীকার করেছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে কুর্শা ইউনিয়নের সিঙ্গামারি দোলায় ৪ দশমিক ৭ কিলোমিটার এবং হারাগাছ ইউনিয়নের ধুম নদীতে ৩ দশমিক ৭ কিলোমিটার খাল পুনঃখননের প্রকল্প গ্রহণ করা হয়। গত ১২ মে রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন প্রকল্পটির উদ্বোধন করেন। প্রকল্পের কাজ ৩০ জুনের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও অতিরিক্ত বৃষ্টিপাত ও সময় স্বল্পতার কারণে তা সম্ভব হয়নি। নির্ধারিত সময় পর্যন্ত ধুম নদী খালে ৭৫ শতাংশ এবং সিঙ্গামারি দোলায় ৪১ দশমিক ৯১ শতাংশ কাজ সম্পন্ন হয়। পরবর্তীতে খননকাজ, শ্রমিকের মজুরি, বৃক্ষরোপণ, পরিবহন ও অন্যান্য যাবতীয় ব্যয় পরিশোধের পর অব্যয়িত ৯৯ লাখ ২৫ হাজার ৩৩৭ টাকা সরকারি কোষাগারে ফেরত দেয়া হয়।
এদিকে প্রকল্পের কাজ অসম্পূর্ণ থাকায় হতাশা প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে ভরাট হয়ে থাকা খাল পুরোপুরি পুনঃখনন করা হলে বর্ষায় জলাবদ্ধতা কমার পাশাপাশি শুষ্ক মৌসুমে সেচ সুবিধা বৃদ্ধি পেত এবং কৃষি উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়ত।
কুর্শা ইউনিয়নের সিঙ্গামারি এলাকার কৃষক করিম মিয়া বলেন, ‘খাল খনন দেখি মনে করছিনো এবার হামার দুঃখের দিন শেষ। আর ফসল বন্যাত ডুববার নয়। কিন্তু কাজ শেষ না করিয়ায় টাকা ফেরত দেইল। হামার দুঃখ কষ্ট কেউ দেখে নাহ।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেজবাহুর রহমান বাসস’কে বলেন, সরকারি অর্থ জনগণের আমানত। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় যে ৯৯ লাখ ২৫ হাজার ৩৩৭ টাকা ব্যয় হয়নি, তা স্বচ্ছতার স্বার্থে সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে।
এ বিষয়ে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বাসস’কে বলেন, অতিবৃষ্টির কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি। এ জন্যই নিয়ম অনুযায়ী বাকি অর্থ সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে। মন্ত্রণালয় থেকে নির্দেশ ও নতুন করে বরাদ্দ পেলে পরবর্তী অর্থবছরের শুকনো মৌসুমে খালের বাকি অংশ খননের কাজ সম্পন্ন করা হবে।