শিরোনাম

যশোর, ৩১ জুলাই, ২০২৬ (বাসস) : ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে যশোর জেলাজুড়ে চলমান পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়া রেড ক্রিসেন্ট ও স্কাউট সদস্যদের মাঝে প্রণোদনার টাকা বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার বিকেলে যশোরে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রণোদনার টাকা বিতরণ করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশন যশোরের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।
আয়োজকরা জানান, জেলাজুড়ে চলমান পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেয়া রেড ক্রিসেন্ট ও স্কাউট সদস্যরা সাধারণ মানুষের ভালোবাসা ও সুনাম কুড়িয়েছেন। এ কাজ করতে গিয়ে তাদের অনেক পরিশ্রম হয়। যাওয়া-আসা, খাওয়া বাবদ কিছু খরচও হয়। সে কারণেই রেড ক্রিসেন্ট ও যশোর জেলা প্রশাসন যৌথভাবে রেড ক্রিসেন্টের ৪০ জন ও স্কাউটের ৪০জন সদস্যকে এই প্রণোদনা দেয়ার উদ্যোগ নেয়।