বাসস
  ২৯ মে ২০২৬, ১৪:৩১

লক্ষ্মীপুরে নিখোঁঁজের একদিন পর খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

লক্ষ্মীপুর, ২৯ মে,২০২৬ (বাসস) : লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের একদিন পর ফারাবি হোসেন (৩) নামে এক শিশুর লাশ খাল থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে নয়ারহাট এলাকার একটি খাল থেকে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত শিশু ফারাবি কেরোয়া ইউনিয়নের জোড়পোল এলাকার লক্ষিসী বাড়ীর বাসিন্দা মো. ফিরোজের ছেলে।

পুলিশ ও নিহত শিশুর স্বজনরা জানায়, বৃহস্পতিবার বিকালে ঘর থেকে ফারাবি হোসেন নিখোঁজ হয়। এরপর থেকে অনেক জায়গায় খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকালে স্থানীয়রা রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের নয়ারহাট এলাকার একটি খালে শিশুটির মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুর লাশ উদ্ধার করে।

শিশুর পিতা ফিরোজ বলেন, বৃহস্পতিবার বিকালে ঘর থেকে ফারাবি নিখোঁজ হয়। শুক্রবার সকালে স্থানীয় লোকজন খবর দিলে তার মরদেহ খাল থেকে উদ্ধার করেছি। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। কে মারলো, কিভাবে মৃত্যু হলো কিছুই বুঝতে পারছিনা।

রায়পুর থানার ওসি শাহীন মিয়া বাসস’কে বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটি কিভাবে মারা গেলো, তা ডাক্তারের ময়নাতদন্ত রিপোট আসলে বলা যাবে।