শিরোনাম

কুমিল্লা, ২৮ মে, ২০২৬, (বাসস): ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে
পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের এই বৃহৎ জামাতে অংশ নেন হাজারো মুসল্লি।
আজ বৃহস্পতিবার সকাল ৮টায় অনুষ্ঠিত প্রধান জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা ক্বারী মো. ইব্রাহিম।
নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
জামাতে উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াসিন, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক মো. রেজা হাসান, পুলিশ সুপার আনিসুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
জামাত শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কোরবানির পশুর বর্জ্য নির্ধারিত স্থানে ফেলার আহ্বান জানান।
তিনি নগরবাসীর সহযোগিতা পেলে ঈদের ৮ ঘণ্টার মধ্যেই কোরবানির সব বর্জ্য অপসারণ করা সম্ভব হবে জানান।
জেলা ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ছাড়াও জেলার ১৭টি উপজেলায় মোট ১ হাজার ৯১২টি মসজিদ এবং ১ হাজার ৫৯৮টি ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে।