শিরোনাম

রাজশাহী, ২৮ মে, ২০২৬, (বাসস): মহানগর ও আশেপাশের উপজেলাগুলোতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হচ্ছে।
ত্যাগের মহিমায় উদ্ভাসিত এই দিনে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশে রাজশাহীর মুসল্লিরা ঈদের জামাতে অংশ নেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় রাজশাহীর ঐতিহাসিক হযরত শাহ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে অংশ নেয়া মুসল্লিরা ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন।
ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এ্যাড. এরশাদ আলী ঈশা প্রমুখ।
এছাড়াও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সর্বস্তরের সম্মানীত নাগরিকবৃন্দ জামাতে শরিক হন।
নামাজ শেষে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু উপস্থিত মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং কোলাকুলি করেন। এ সময় তিনি মহানগরবাসীর প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়ে শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
ঈদের এই বিশেষ দিনটিতে রাজশাহীর বিভিন্ন মসজিদেও স্থানীয় মুসল্লিরা ঈদুল আযহার নামাজ আদায় করেছেন। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করছেন, যা এই উৎসবের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
রাজশাহী মহানগর ছাড়াও জেলার নয়টি উপজেলায় পবিত্র ঈদুল আযহার নামাজ সকাল আটটায় অনুষ্ঠিত হয়েছে। ঈদের নামাজ শেষে আল্লাহর কাছে দেশের মানুষের সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।
এরপর মুসল্লিরা সাধ্য অনুযায়ী মহান আল্লাহ তায়ালার নৈকট্য লাভের আশায় পশু কোরবানি করছেন। ঈদ উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নগরের বিনোদন কেন্দ্রগুলোও সেজেছে নতুন রূপে। দূর দূরান্ত থেকে পরিবারের সাথে ঈদ উদযাপন করার জন্য মানুষ নিজ এলাকায় ফিরে এসেছে। এতে উৎসবের আমেজ আরও বেড়ে গেছে