বাসস
  ২৮ মে ২০২৬, ১২:০৩

খুলনায় ঈদুল আযহা উদযাপিত

ঈদুল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল সাতটায় খুলনা টাউন জামে মসজিদে।ছবি: বাসস

খুলনা, ২৮ মে, ২০২৬, (বাসস): যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার সারাদেশের মতো খুলনায়ও পবিত্র ঈদুল-আযহা উদযাপিত হয়। 

এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধাসরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
 
মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কদ্বীপ বাংলা ও আরবীতে ঈদ মোবারক খচিত ব্যানারে সজ্জিত করা হয়।

ঈদুল-আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল সাতটায় খুলনা টাউন জামে মসজিদে। জামাতে ইমামতি করেন মুফতি আব্দুর রাজ্জাক। 

এছাড়া সকাল আটটায় দ্বিতীয় ও নয়টায় তৃতীয় জামাত খুলনা টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

ঈদের প্রধান জামাতে খুলনা-২ আসনের সংসদ সদস্য এ্যাড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন, নগর বিএনপি সভাপতি এস এম শফিকুল আলম মনা, মহানগর জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাহফুজুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। 

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে মুসল্লিরা পরস্পর ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

সকাল সাড়ে সাতটায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে এবং সোয়া সাতটায় নূরনগর মেট্রোপলিটন মডেল মসজিদে ঈদের জামাত  অনুষ্ঠিত হয়। 

এছাড়া খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর ৩১টি ওয়ার্ডে বিভিন্ন মসজিদ ও ঈদগাহে পৃথকভাবে নির্ধারিত সময় অনুযায়ী ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

ঈদুল-আযহা উপলক্ষে বিভিন্ন সরকারি হাসপাতাল, কারাগার, শিশুসদন, ছোটমনি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, শিশু বিকাশ কেন্দ্র, আশ্রয় কেন্দ্র, সেফ হোমস, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রে বিশেষ খাবার পরিবেশন করা হয়। বাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্র বিশেষ অনুষ্ঠানমালা প্রচার এবং স্থানীয় সংবাদপত্রসমূহ নিজস্ব ব্যবস্থাপনায় বিশেষ সংখ্যা প্রকাশ করে।

উপজেলা সমূহেও স্থানীয়ভাবে অনুরূপ কর্মসূচি উদযাপন করা হয়।