বাসস
  ২৮ মে ২০২৬, ১১:২৮

দিনাজপুরে গোর-এ-শহীদ বড় ময়দানে ঈদের নামাজ আদায়

দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে ঈদুল আযহার ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।ছবি: বাসস

দিনাজপুর, ২৮ মে, ২০২৬, (বাসস) : দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে দেশের সবচেয়ে বড় ঈদুল আযহার ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় দেশের এই সর্ববৃহৎ পবিত্র ঈদুল আযহার ঈদের জামাত স্বতঃস্ফূর্ত ও শান্তিপূণ ভাবে মুসল্লিদের অংশগ্রহণের মধ্য দিয়ে নামাজ অনুষ্ঠিত হয়।

প্রায় ২২ একর জমি নিয়ে বিস্তৃত দিনাজপুর গোর-এ-শহীদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। এখানে ঈদের জামাতে নামাজ আদায়ের জন্য দিনাজপুরসহ পার্শ্ববর্তী জেলা ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও আশপাশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা সর্ববৃহৎ এই বিশাল ঈদের জামাতে পবিত্র ঈদুল আযহার ঈদের নামাজ আদায়ের জন্য অংশ নেয়। 

আগত মুসল্লিদের শান্তিপূণভাবে নামাজ আদায়ের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছিল জেলা প্রশাসন ও দিনাজপুর পৌরসভা কর্তৃপক্ষ।

দিনাজপুর পৌর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে অযু করার স্থান, যানবাহন রাখার ব্যবস্থা, মেডিকেল টিম ও খাবার পানির ব্যবস্থা করা হয়েছিল।
 
ঈদগাহ মাঠে অর্ধশতাধিকের অধিক মাইক স্থাপন করা হয়। এছাড়া মুসল্লিদের ঈদগাহ মাঠের প্রবেশের জন্য ১২টি গেট ৩টি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়। দুটি ওয়াচ টাওয়ারে পুলিশ এবং একটি ওয়াচ টাওয়ারে র‌্যাব সদস্যরা সমগ্র ঈদগা মাঠে আগত মুসল্লিদের পর্যবেক্ষণ করেছেন।
  
দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। ফলে সুস্থ শান্তিপূর্ণ এবং ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে ঈদের নামাজ সম্পন্ন হয়েছে।

ঈদের দিন সকাল সাড়ে ৮টার অনেক আগেই ঈদগাহ মাঠে মুসল্লিরা এসে উপস্থিত হতে থাকে। এই ঈদের জামাতে ইমামতি করেন দিনাজপুরের বিশিষ্ট আলেমে দ্বীন জেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ মাওলানা মো. মতিউর রহমান কাসেমী।

ঈদগাহ মাঠে নামাজ আদায় করেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এ্যাড মো. মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন, জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ, শিশু, কিশোর এবং বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

এছাড়া আহলে হাদিস অনুসারিদের ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায় দিনাজপুর আদর্শ কলেজ মাঠে।

অপর দিকে, দিনাজপুর শহরে চাউলিয়াপট্টি-দক্ষিণ লালবাগ ঈদগাহ মাঠ, পশ্চিম পাটুয়াপাড়া জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠ, বালুয়াডাঙ্গা ঈদগাহ মাঠ, লালবাগ ফুটবল খেলার মাঠ, ইকবাল স্কুল মাঠ, তফিউদ্দিন মেমোরিয়াল স্কুল ঈদগাহ মাঠ, সুইহারি ঈদগাহ মাঠসহ জেলা শহরের অর্ধশতাধিক ঈদগাহ মাঠ ও মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। শহরের বাইরে সদর উপজেলার চেরাডাঙ্গী ঈদগাহ মাঠে ঈদের বড় জামাত অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।