বাসস
  ২৭ মে ২০২৬, ১০:০০
আপডেট : ২৭ মে ২০২৬, ১০:১০

দিনাজপুরের দুই উপজেলাকে মাদক মুক্ত করতে কমিটি গঠন

পিক-আপ গাড়ীর চাবি থানা পুলিশের কাছে হস্তান্তর করেন সাদিক রিয়াজ চৌধুরী পিনাক । ছবি: বাসস

দিনাজপুর, ২৭ মে, ২০২৬ (বাসস) : দিনাজপুর জেলার বিরল ও বোচাগঞ্জ দু’টি উপজেলাকে মাদক মুক্ত করতে প্রত্যেকটি পাড়া-মহল্লায় কমিটি গঠন করে মাদক প্রতিরোধে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার ঘোষণা দিয়েছেন সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টায় দিনাজপুর বিরল থানা পুলিশের আইন শৃঙ্খলার কাজে ব্যবহারের জন্য সরকারিভাবে পিক-আপ গাড়ী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক তার বক্তব্যে এসব কথা বলেছেন।

তিনি বলেছেন, শুধুমাত্র পুলিশ প্রশাসনের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। তাই আমাদের সকলকে প্রত্যেকটি পাড়া মহল্লায় মাদক প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। আমরা কমিটি গঠন করে কেউ নিজের হাতে আইন তুলে নিব না। আমরা যখনই এরকম কোনো মাদক কারবারিদের ক্রয়-বিক্রয়ের খবর পাব, তাদের হাতে নাতে আটক করে পুলিশ প্রশাসনের হাতে তুলে দিব। প্রশাসন ব্যবস্থা নিবে। আমরা সকলেই নিজেদের অবস্থান থেকে সক্রিয়ভাবে কাজ করি, প্রশাসন আমাদেরকে সহযোগিতা করবে। খুব শীঘ্রই আমার নির্বাচিত এলাকার দু’টি উপজেলাকে মাদক মুক্ত করতে পারব। আমাদের যুব সমাজকে আমরাই রক্ষা করতে হবে। আমাদের তরুণ ও যুবকরা আগামীদিনের ভবিষ্যত।

পিক-আপ গাড়ী প্রদান অনুষ্ঠানে বিরল থানার অফিসার ইনচার্জ পরিদর্শক মো. আল এমরান এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. জেদান আল মুসা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক এন্ড এস্টেট) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল হালিম, পরিদর্শক তদন্ত মো. আনিছুর রহমান, বিরল উপজেলা বিএনপি’র সভাপতি মো. বাবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আকতারুজ্জামান বাদল, পৌর বিএনপি’র সভাপতি আসাদুল হক হিরা,ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম, পৌর বিএনপি’র দপ্তর সম্পাদক লুৎফর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম আজাদসহ প্রমূখ উপস্থিত ছিলেন।

পিক-আপ গাড়ীর চাবি থানা পুলিশের নিকট হস্তান্তরের পর দেশ ও জাতির কল্যাণে মুনাজাত করা হয়।