বাসস
  ২৭ মে ২০২৬, ০৯:৩৯

বরিশালে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

বরিশাল, ২৭ মে, ২০২৬ (বাসস) :  বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে হাসপাতালের পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করে নৌ ফায়ার সার্ভিসের সদস্যরা।

নিহতরা হলো- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা গ্রামের বাসিন্দা বিপ্লব মল্লিকের ছেলে আরাফাত মল্লিক (১০) ও নগরীর বান্দ রোড এলাকার বজলু কমিশনারের ভাড়াটিয়া বেলালের ছেলে আকাশ (১০)। এরমধ্যে আরাফাত ঈদে নানীর বাড়িতে বেড়াতে এসেছিল।

নিহত শিশু আরাফাতের নানী বকুল বেগম জানান, ‘সোমবার সকালে আরাফাত তার মায়ের সাথে বরিশাল নগরীর বান্দ রোডের নানীর বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার সকাল থেকে আরাফাত ও পাশের ভাড়াটিয়া একই বয়সী শিশু আকাশের সাথে বাসা থেকে নিখোঁজ ছিলো। বিভিন্নস্থানে খুঁজেও কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পুকুর পাড়ে শিশুদের জুতা দেখতে পায়। এরপর নৌ ফায়ার সার্ভিসের সদস্যরা পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে।

এ বিষয়ে বরিশাল সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা বরিউল ইসলাম বাসস’কে জানান, ‘স্বজনদের মাধ্যমে খবর পেয়ে নৌ ফায়ার সার্ভিসের সদস্যরা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পুকুরে আধাঘন্টা তল্লাশি চালিয়ে ওই শিশু দু’টির মরদেহ উদ্ধার করে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

স্থানীয়রা জানিয়েছেন, আরাফাত বরিশালে নানীর বাড়িতে আসলে তার বন্ধু আকাশের সাথে খেলাধুলা করতো। লাশ উদ্ধারের সময় তাদের একই সাথে পাওয়া যায়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।