বাসস
  ২৬ মে ২০২৬, ১৬:২৫

কলমাকান্দায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

নেত্রকোণা, ২৬ মে, ২০২৬ (বাসস) : জেলার কলমাকান্দা উপজেলায় পুকুরের পানিতে ডুবে আবু তালহা নামে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সকালে উপজেলার রংছাতী ইউনিয়নের প্রত্যন্ত গারামপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবু তালহা ওই গ্রামের বাসিন্দা আব্দুল করিমের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে পরিবারের সবার অজান্তে বাড়ির পাশে থাকা পুকুরের পাড়ে চলে যায় শিশু আবু তালহা। একপর্যায়ে সে পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। কিছুক্ষণ পর তাকে ঘরে বা আঙিনায় না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘক্ষণ সন্ধানের পর পুকুরের পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ ঘোষ পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে বিষয়টি খতিয়ে দেখতে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।