বাসস
  ২৬ মে ২০২৬, ১০:১২

বগুড়ার উন্নয়নে সাংবাদিকদের পাশে চাই : এমপি রনি

এমপি সুরাইয়া জেরিন রনি গতকাল সোমবার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।ছবি: বাসস

বগুড়া, ২৬ মে, ২০২৬ (বাসস) : সংরক্ষিত নারী আসনের এমপি সুরাইয়া জেরিন রনি গতকাল সোমবার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। সোমবার বেলা ২টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময় করেন তিনি। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু। ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, ক্লাবের সহ-সভাপতি মীর সাজ্জাদ আলী সন্তোষ, মীর্জা সেলিম রেজা, সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাস, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আব্দুর রহিম, হারুনুর রশিদ, প্রতীক ওমর, ফেরদৌসুর রহমান।

মতবিনিময় সভায় রনি বলেন, বগুড়ার উন্নয়নে সাংবাদিকদের আমি পরামর্শ হিসেবে পাশে পেতে চাই। বগুড়ার উন্নয়নের বিষয়ে আপনারা সবাই জানেন, আমরা ১৭ বছর পিছিয়ে ছিলাম। ফ্যাসিস্ট সরকার জগদ্দল পাথরের মত এই রাষ্ট্রে চেপে বসেছিল। ঝড়-বৃষ্টি উপেক্ষা ও জীবন বাজি রেখে ২৪ এর আন্দোলনে মাঠে ছিলাম। এই আন্দোলনে সাধারণ মানুষ, নেতাকর্মীর সাথে সাংবাদিকদরাও নিহত ও আহত হয়েছে। এখন দেশ গঠনে আমরা একসাথে কাজ করে ভূমিকা রাখতে চাই। আমরা বগুড়ার মানুষ বগুড়ার উন্নয়ন নিয়ে কথা বলতে চাই। 

তিনি আরো বলেন, আমাদের বেকার সমস্যা, শহরের বড় সমস্যা যানজট নিরসন করা এবং আমাদের রাস্তাঘাটের উন্নয়নে আমরা পিছিয়ে আছি। এ বিষয়গুলোকে মাথা নিয়ে বগুড়ার উন্নয়নে আমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে দেখেছি আন্দোলনের সময় পুলিশ যখন টিয়ারশেল মেরেছে নেতা-কর্মীদের সাথে সাংবাদিকরাও টিয়ারশেলের ধোয়াতে আহত হয়েছিল। আপনারা সাংবাদিকরা জানেন রাজপথে আমার ভূমিকা কি ছিল,হামলা মামলা নির্যাতন সহ্য করে আজ দল আমাকে মূল্যায়ন করেছে। আমি ভাইরাল হওয়ার জন্য কখনো কিছু করিনি। আমি নিজেকে হাইলাইটস করে কোন কাজ করিনি। তবে সাংবাদিকদের লেখালেখিতে আমি অনেক সময় হাইলাইট হয়েছে।