শিরোনাম

মুন্সীগঞ্জ, ২৫ মে, ২০২৬ (বাসস) : মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এবং ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক মো. হোসেন (৩৫) এবং লরির হেলপার অন্তর দাস (১৮) নিহত হয়েছে।
নিহতরা হলো- চুয়াডাঙ্গা জেলার বেলগাজি উপজেলার মুসলিম পাড়ার মো. টাবুর পুত্র ট্রাক চালক মো. হোসেন এবং সেনবাগ উপজেলার চাদঁপুর গ্রামের মানিক দাসের পুত্র হেলপার অন্তর দাস।
পুলিশ জানায়, সোমবার রাত ২টায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দোগাছি সেনা ক্যাম্পের সামনে মাওয়ামুখী লেনে একটি মালবাহী ট্রাক সামনের মালবাহী ট্রাককে ধাক্কা দেয়। এতে পিছনের ট্রাকের ভিতর আটকা পড়ে ট্রাকচালক মো. হোসেন। তাকে মারাত্নক আহত অবস্থায় শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মামুন আল রশিদ বাসস’কে জানান মো. হোসেনের মরদেহ হাসাড়া থানায় রয়েছে।
এদিকে রাত ২টায় ঢাকা চট্রগ্রাম মহাসড়কে দড়ি বাউশিয়া এলাকায় মানাবে ওয়াটার পার্কের সামনে ইউটার্ণ নিয়ে ঢাকামুখী লেন থেকে চট্রগ্রামমুখী লেনে যাবার সময় দ্রুতগামী একটি লরি কাভার্ড ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে লরির হেলপার অন্তর দাস নিহত হয়।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মামুন আল রশিদ বাসস’কে জানান মরদেহ হাইওয়ে থানায় রয়েছে। পুলিশ জানায় ঢাকা-মাওয়া এবং ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।