শিরোনাম

কুড়িগ্রাম, ২১ মে, ২০২৬, (বাসস) : কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেছেন, ভূমি মানুষের অন্যতম মৌলিক সম্পদ। এই সম্পদ নিয়ে যাতে কোনো ধরনের হয়রানি, জালিয়াতি বা দীর্ঘসূত্রতা না থাকে, সেজন্য সরকার অটোমেশনভিত্তিক ভূমি ব্যবস্থাপনা চালু করেছে।
অনলাইনে নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন কর পরিশোধের সুযোগ মানুষের সময় ও খরচ দুটোই কমিয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সেমিনারে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।
‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, ভূমি সেবাকে শতভাগ দুর্নীতিমুক্ত ও সহজলভ্য করতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। জনগণের আস্থা অর্জনই আমাদের প্রধান লক্ষ্য।
সেমিনারে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কুদরত-এ-খুদা, অতিরিক্ত জেলা প্রশাসক নজির হোসেন (শিক্ষা), অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তফাফিজার রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতের সেক্রেটারি নিজাম উদ্দিন, জেলা এনসিপির সভাপতি মুকুল মিয়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ সোবাহানী এবং সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রমুখ।
সেমিনারে বক্তারা বলেন, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের বিকল্প নেই। একই সঙ্গে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে ভূমি অফিসগুলোকে আরও জনবান্ধব করতে হবে।
বক্তারা আরও বলেন, ভূমি সংক্রান্ত বিরোধ ও প্রতারণা কমাতে ডিজিটাল রেকর্ড সংরক্ষণ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে কর্মকর্তা-কর্মচারীদের আরও আন্তরিক হওয়ারও আহ্বান জানান তারা।
সেমিনারে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।