বাসস
  ২১ মে ২০২৬, ১৫:৩৮

হরিণাকুণ্ডুতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পান চাষীদের মাঝে সহায়তার চেক বিতরণ

ছবি: বাসস

ঝিনাইদহ, ২১ মে ২০২৬ (বাসস): জেলার হরিণাকুণ্ডুতে বিভিন্ন সময়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পান চাষীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। জেলা পরিষদের উদ্যোগে হরিণাকুণ্ডু উপজেলার মোট ২৩ জন পান চাষীর মাঝে এসব চেক বিতরণ করা হয়।

হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ দুপুরে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রদীপ্ত রায় দীপনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উজ্জ্বল কুমার কুন্ডু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেন প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পান চাষীদের মাঝে মোট ৫ লাখ ৬৫ হাজার টাকার সহায়তার চেক বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন গ্রামের মোট ২৩ জন পান চাষীকে এ সহায়তা দেওয়া হয়। 

জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, রাষ্ট্রীয় ও সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকারের বিশেষ নির্দেশনা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় জেলা পরিষদের মাধ্যমে কৃষক, শ্রমিক, অসচ্ছল জনগোষ্ঠী, দরিদ্র মেধাবী এবং ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। স্বচ্ছতা ও ন্যায্যতার ভিত্তিতে প্রতিটি মানুষকে সরকারি সেবার আওতায় আনতে আমরা কাজ করে যাচ্ছি।