শিরোনাম

বরিশাল, ২১ মে, ২০২৬ (বাসস) : বরিশাল নগরীর চৌমাথা লেকে নির্মিত মিউজিক্যাল ফোয়ারা গতকাল বুধবার উদ্বোধন করা হয়েছে।
বুধবার রাতে আনুষ্ঠানিকভাবে ফোয়ারার উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন।
এসময় প্রশাসক বলেন, বিদ্যুৎ সংকট না থাকলে এ দৃষ্টিনন্দন মিউজিক্যাল ফোয়ারাটি প্রতিদিন বিকাল থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। কিন্তু চলমান বৈশ্বিক পরিস্থিতি ও বিদ্যুৎ সংকট বিবেচনায় এটি নিয়ন্ত্রিত থাকবে।
তিনি বলেন, এটি রক্ষণাবেক্ষণ শুধু সিটি করপোরেশনের নয়, বরিশালের সব নাগরিকের।
হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি চোখে পড়ে বিকাল থেকেই। নগরবাসী চৌমাথা লেকের বর্তমান সৌন্দর্য নিয়ে মুগ্ধতা প্রকাশের পাশাপাশি বলেন, এটি স্থায়ী হলে প্রতিদিন দূর-দূরান্ত থেকে সৌন্দর্য পিপাসু মানুষ এই লেক দেখতে আসবেন।
উদ্বোধনী অনুষ্ঠান দেখতে এসেছিলেন বরিশাল বিএনপি’র নেতৃবৃন্দ।
তারা বলেন, মাত্র ২ মাস হয়েছে তিনি দায়িত্ব নিয়েছেন। এই ২ মাসে সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন যা করেছেন তা গত আড়াই বছরে বরিশালের দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় কমিশনারসহ কেউ-ই তা করে দেখাতে পারেন নি। সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার সমস্যা সমাধান সবকিছুতেই তার আন্তরিকতা আমাদের মুগ্ধ করেছে।
লেকের পাড়ে সৌন্দর্যবর্ধন ও এই মিউজিক্যাল ফোয়ারা উদ্বোধন করে প্রশাসক শিরিন তার যোগ্যতার প্রমাণ দিয়েছেন বলে জানান উপস্থিত নেতৃবৃন্দ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিসিসি’র সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র আলতাফ মাহমুদ সিকদার, সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান টিপু, আ.ন.ম সাইফুল আহসান আজিম, মাজহারুল ইসলাম জাহান প্রমুখ।