শিরোনাম

ঝিনাইদহ, ২১ মে, ২০২৬ (বাসস) : জেলার হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সংকট নিরসনে আজ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদের সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা এ মতবিনিময় করেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
হরিণাকুণ্ডু উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর হোসেন মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আল হাসিব, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, উপজেলা বিএনপি’র
সভাপতি আবুল হাসান মাস্টার, সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, পৌর বিএনপি’র সভাপতি জিন্নাতুল হক খান, হেলথ অ্যাসিসটেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হ্যাব) কেন্দ্রীয় সভাপতি মো. আমিনুল ইসলাম সুরুজ প্রমুখ।
এ সময় হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা উপজেলার জনগুরুত্বপূর্ণ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান বৃদ্ধি, জনবল সংকট নিরসন, অবকাঠামো উন্নয়নের নানা দিক তুলে ধরেন।
সভায় জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য খাত নিয়ে বিশেষ পরিকল্পনা করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা প্রান্তিক পর্যায়ে মানুষের দুর্ভোগ ও স্বাস্থ্য সমস্যা সমাধানে কাজ করছি। হরিণাকুণ্ডু উপজেলার মানুষের স্বাস্থ্য সেবা উন্নতকরণে জেলা পরিষদের মাধ্যমে সরকারি বরাদ্দ বৃদ্ধি করা হবে।