শিরোনাম

খুলনা, ২১ মে, ২০২৬ (বাসস) : খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল ভবনের তৃতীয় তলায় আগুনের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ঘটনার পর গতকাল বুধবার রাতেই উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এই কমিটি গঠন করা হয়।
কমিটির প্রধান হচ্ছেন- খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কাজী আইনুল ইসলাম। সদস্য সচিব হলেন খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল ভাই মোহাম্মদ আনাছ। এছাড়া সদস্যরা হলেন- ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. মাসুদ সরদার, গণপূর্তের ইলেক্ট্রোমেকানিক্যাল-ইএম বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল হালিম এবং ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড-ওজোপাডিকোর প্রতিনিধি।
এদিকে, আগুনের খবর পেয়ে খুলনা সফররত স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন তাৎক্ষণিকভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। তার সঙ্গে ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ও জেলা প্রশাসক হুরে জান্নাত। এছাড়া খুলনা-২ আসনের সংসদ সদস্য এডভোকেট শেখ জাহাঙ্গীর হোসেন হেলালও অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করেন।
বিষয়টি নিশ্চিত করে তদন্ত কমিটির সদস্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. মাসুদ সরদার বৃহস্পতিবার সকালে বাসস’কে বলেন, প্রাথমিক ধারণা অনুযায়ী বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে নিশ্চিত হওয়া গেছে। আগুনে বড় ধরনের কোন আর্থিক ক্ষয়ক্ষতি হয়নি। মূলত অপারেশন থিয়েটার সংলগ্ন পোস্ট অপারেটিভ ওয়ার্ডের কয়েকটি বেড পুড়ে গেছে। এছাড়া তৃতীয় তলার ভবনে পুরাতন মালামালের স্টোর রুমের রাখা পরিত্যক্ত মালামাল পুড়ে যায়। তারপরও তদন্ত কমিটির অনুসন্ধান সাপেক্ষে ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো পরিমাণ তিনি উল্লেখ করেননি। ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত রিপোর্ট দাখিলের সময় সময় দেয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
বাসস’কে তিনি আরো বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় নিচে নামতে গিয়ে ২জন নার্স এবং উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে গিয়ে ফায়ার সার্ভিসের একজন সদস্য (গাড়ি চালক) আহত হন। তাদেরকে অন্য হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ফায়ার সার্ভিসের সদস্যকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। এর বাইরে কমবেশি কয়েকজন আহত হয়েছেন। এছাড়া অগ্নিকাণ্ডের সময় আতঙ্কিত হয়ে অক্সিজেন খুলে স্বজনরা বাইরে নিয়ে যাওয়ার কারণে কয়েকজন রোগী মারা গেছে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, গতকাল বুধবার সকাল ৬টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চারতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী এবং তাদের পরিজনদের মধ্যে। আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অনেকে আহত হন। অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন-হাসপাতালের স্টাফ সাইদুর রহমান (৫০), সিনিয়র স্টাফ নার্স নওরিন, দিপালী ও শারমিন এবং ফায়ার সার্ভিস সদস্য তৌহিদ।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।