শিরোনাম

রাজশাহী, ২১ মে, ২০২৬ (বাসস) : রাজশাহী মহানগরীর রাজপাড়া এলাকা থেকে দীর্ঘদিন ধরে ছদ্মবেশে থাকা ১ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৫। গ্রেপ্তার আসামির নাম মো. সুমন (৩১)। তিনি নওগাঁ জেলার মান্দা থানার গোসাইপুর এলাকার ফরহাদ আলীর ছেলে।
গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন মহিলা ক্রীড়া কমপ্লেক্স সংলগ্ন একটি মোড়ের চা দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার র্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাসস’কে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, র্যাব-৫ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছদ্মবেশে আত্মগোপনে রয়েছে।
বিষয়টি জানার পর র্যাবের ওই দলটি নগরীর রাজপাড়া থানাধীন মহিলা ক্রীড়া কমপ্লেক্স সংলগ্ন একটি মোড়ের চা দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে।
র্যাব আরও জানায়, সুমনের বিরুদ্ধে নওগাঁ জেলার মান্দা থানার একটি মামলায় ১ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানার রায় হয়েছিল। সাজা ঘোষণা পর থেকেই তিনি আইনের চোখ ফাঁকি দিতে ছদ্মবেশ ধারণ করে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় আত্মগোপনে ছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সুমন অপরাধের সাথে নিজের সম্পৃক্ততা এবং দীর্ঘদিন ছদ্মবেশে পালিয়ে থাকার কথা স্বীকার করেছেন।
আইনি প্রক্রিয়া শেষে তাকে নগরীর রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।