শিরোনাম

সুনামগঞ্জ, ২০ মে, ২০২৬, (বাসস): সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
আজ বুধবার দুপুর ১২টায় জেলার শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আহসানমারা সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার কাঠইর ইউনিয়নের আলফা উদ্দিনের ছেলে জাহের মিয়া (১৮) ও শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ঘাগলী গ্রামের ইব্রাহিম মিয়া (২৬)।
আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে তাদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জমুখী একটি দূরপাল্লার বাসের সঙ্গে সিলেটগামী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লেগুনার দুই যাত্রী নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন ৩ জন। দুর্ঘটনার পর ঘাতক চালক দ্রুত বাস নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ সময় কিছুক্ষণের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
কিছুক্ষণ পর যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনীসহ শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা মহাসড়কে কাজ শুরু করেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ রতন সেখ ও শান্তিগঞ্জ থানার ওসি অলিউল্লাহ, এ ঘটনায় দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।