বাসস
  ২০ মে ২০২৬, ১৩:৪৬

মানিকগঞ্জের জন্য ভিজিএফ’র চাল বরাদ্দ 

ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচির অধীনে দরিদ্র জনগোষ্টির জন্য সরকার ৮৫৮.৯৮ মেট্রিক টন চাল বরাদ্দ করেছে। ছবি: বাসস

মানিকগঞ্জ, ২০ মে, ২০২৬ (বাসস) : জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস জানিয়েছে,আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচির অধীনে দরিদ্র জনগোষ্টির জন্য সরকার ৮৫৮.৯৮ মেট্রিক টন চাল বরাদ্দ করেছে। জেলার ৭টি উপজেলা ও দু’টি পৌরসভার ৮৫,৮৯০টি দরিদ্র ও দুর্দশাগ্রস্ত পরিবারের মধ্যে বিনামূল্যে এই চাল বিতরণ করা হবে।

এই কর্মসূচির আওতায় মানিকগঞ্জ সদর উপজেলার ১৪,৫৩২টি, সিঙ্গাইর উপজেলার ১৬,২৮৯টি, দৌলতপুর উপজেলার ১৪,৫৮৬টি, সাটুরিয়া উপজেলার ৮,২৮৮টি, শিবালয় উপজেলার ৯,৯৫৯টি, হরিরামপুর উপজেলার ৭,৪৭০টি এবং ঘিওর উপজেলার ৬,৯৬৪টি অসহায় পরিবার এই বরাদ্দের চাল পাবে।

এছাড়াও, এই উদ্যোগ থেকে মানিকগঞ্জ পৌরসভার ৪,৬২৫টি এবং সিঙ্গাইর পৌরসভার ৩,০৮৫টি পরিবারও উপকৃত হবে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস বাসস’কে জানায়, প্রতিটি পরিবার ১০ কেজি করে চাল পাবে।

ওয়ার্ড পর্যায়ের কমিটি কর্তৃক প্রস্তুতকৃত এবং সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন কর্তৃক অনুমোদিত তালিকা অনুযায়ী এই বিতরণ কার্যক্রম পরিচালিত হবে। 

সূত্র আরও জানায়, প্রতিটি বিতরণ কেন্দ্রে যথাযথ ও সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে নির্ধারিত ট্যাগ অফিসার উপস্থিত থাকবেন।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. লুৎফর রহমান বাসস’কে বলেছেন, ঈদুল আযহার আগেই সকল ভিজিএফ কার্ডধারী পরিবারের মধ্যে চাল বিতরণ সম্পন্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। 

তিনি আরও বলেন, ইতোমধ্যে বিতরণ শুরু হয়ে গেছে।