বাসস
  ১৯ মে ২০২৬, ১৪:১৯

ভোলায় গাঁজা গাছসহ দুই সহোদর আটক

বোরহানউদ্দিন থেকে চারটি গাঁজা গাছসহ ২ সহোদরকে আটক করেছে পুলিশ।ছবি: বাসস

ভোলা, ১৯ মে, ২০২৬ (বাসস) : জেলার বোরহানউদ্দিন উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযানে চারটি গাঁজা গাছসহ ২ সহোদরকে আটক করেছে থানা-পুলিশ।

মঙ্গলবার রাত সোয়া ১টায় বোরহানউদ্দিন থানার ওসি মো. মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বকশি বাড়িতে অভিযান চালিয়ে এই ২জনকে আটক করে। 

আটকরা হলেন-মো. সুমন (৩০) ও মো. নোমান (২২)। তারা পক্ষিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাটামারা গ্রামের বাসিন্দা মৃত মো.আবুল কালাম মিয়ার ছেলে। 

বোরহানউদ্দিন থানার ওসি মনিরুজ্জামান বাসস’কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আজ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।