শিরোনাম

নওগাঁ, ১৯ মে, ২০২৬ (বাসস) : জেলার মান্দা উপজেলায় দ্রুতগতির একটি গাড়ি চাপায় সাহার আলি (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
গতকাল সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের কুসুম্বা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাহার আলি মান্দা সদর ইউনিয়নের বিজয়পুর এলাকার বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সাহার আলি চার্জার ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। সোমবার সন্ধ্যার দিকে দেলুয়াবাড়ি বাজার থেকে ভ্যান চালিয়ে তিনি বাড়ি ফেরার পথে কুসুম্বা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় পৌঁছালে একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সংবাদ পেয়ে মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে মান্দা থানার পরিদর্শক (তদন্ত) আলেফ উদ্দিন বাসস’কে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়া হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্তে কাজ করছে পুলিশ।