বাসস
  ১৯ মে ২০২৬, ১২:৪২
আপডেট : ১৯ মে ২০২৬, ১২:৫০

বগুড়ায় তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা’ শুরু

কেন্দ্রীয় উদ্বোধনের পর বগুড়া জেলা প্রশাসনের সামনে স্থানীয়ভাবে মেলা শুরু হয়।ছবি: বাসস

বগুড়া, ১৯ মে, ২০২৬ (বাসস) : ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যত’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো বগুড়াতেও আজ থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা-২০২৬’। 

মঙ্গলবার ঢাকার কেন্দ্রীয় অনুষ্ঠানের মাধ্যমে দেশব্যাপী এই মেলার শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।

কেন্দ্রীয় উদ্বোধনের পর বগুড়া জেলা প্রশাসনের সামনে স্থানীয়ভাবে মেলা শুরু হয়। জেলা প্রশাসন ও ভূমি মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী। 

বগুড়ার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪১ বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা এমপি। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  মো. তৌফিকুর রহমান।

আয়োজকরা জানান, আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন এই মেলা চলবে। ভূমি সেবা সহজীকরণ, সরকারের ডিজিটাল প্ল্যাটফর্ম ও নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে উন্নত সেবা পৌঁছে দেওয়াই এই মেলার মূল উদ্দেশ্য।

এবারের মেলায় নাগরিকরা সরাসরি ভূমি পোর্টালে নিবন্ধন, ই-নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও ডিসিআর সংগ্রহ এবং মৌজাম্যাপ সংগ্রহসহ আধুনিক ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন সেবা সম্পর্কে বিস্তারিত ধারণা পাচ্ছেন।

এছাড়াও জনসাধারণের সুবিধার্থে মেলা প্রাঙ্গণেই তাৎক্ষণিকভাবে ই-নামজারি আবেদন গ্রহণ, খতিয়ানের সার্টিফায়েড কপি বিতরণ এবং ভূমি উন্নয়ন কর পরিশোধের বিশেষ বুথ স্থাপন করা হয়েছে। 
মেলাটি সাধারণ মানুষের মাঝে ভূমি সংক্রান্ত সেবা পাওয়ার প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।