শিরোনাম

নেত্রকোণা, ১৮ মে, ২০২৬ (বাসস) : জেলার কলমাকান্দা উপজেলায় গ্যাস সিলিন্ডারের ভেতরে লুকিয়ে ভারতীয় ৪৮ বোতল মদ পাচারকালে নাসিরউদ্দিন (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আজ সোমবার সকালে কলমাকান্দা উপজেলার লেংঙ্গুরা ইউনিয়নের গৌরীপুর এলাকার জোড়া ব্রিজের ওপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত নাসিরউদ্দিন ওই উপজেলার লেংঙ্গুরা ইউনিয়নের গৌরীপুর গ্রামের মো. শাজাহানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) ফেরদৌস আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম জোড়া ব্রিজের ওপর অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন নাসিরউদ্দিনকে তল্লাশি করা হয়। নাসিরউদ্দিন একটি গ্যাস সিলিন্ডারের ভেতরের অংশ কেটে তার ভেতরে ভারতীয় মদের বোতলগুলো লুকিয়ে রেখেছিল এবং পরে সেগুলো প্লাস্টিকের চালের বস্তায় ভরে পাচারের চেষ্টা করছিল। এ সময় ৪৮ বোতল মদসহ তাকে আটক করা হয়। জব্দকৃত মদের বাজারমূল্য ১ লাখ ১১ হাজার টাকা।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম বাসস’কে বলেন, মাদক পাচার ও চোরাচালান রোধে থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে নজরদারি আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত মদ ইতোমধ্যে জব্দ করা হয়েছে এবং আটককৃত যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।