বাসস
  ১৮ মে ২০২৬, ১৩:৪৭

বগুড়ায় জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে দুই ভাই নিহত

প্রতীকী ছবি

বগুড়া, ১৮ মে ২০২৬ (বাসস): জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে চাচাতো দুই ভাই নিহত হয়েছেন। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, ওই গ্রামের ইয়াছিন আলী (৩৩) ও সুমন মোল্লা (৩৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই। ইয়াছিনের বাবার নাম জামিল উদ্দিন এবং সুমনের বাবার নাম মোফাজ্জল হোসেন মোল্লা।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে দুইপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার সকাল সাড়ে আটটার দিকে বিরোধকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে গুরুতর আহত হন ইয়াছিন ও সুমন। ঘটনাস্থলেই ইয়াছিনের মৃত্যু হয়।

পরে আহত সুমনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে রাহাত মণ্ডল (২১) নামে একজনকে গ্রেপ্তার করেছে। 

এ ঘটনায় রাহাতের ভাই রাব্বি মণ্ডলের (২৭) নামও এসেছে। তাদের বাবার নাম মো. রেজাউল মণ্ডল। অভিযুক্তরা একই এলাকার বাসিন্দা।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, জমি সংক্রান্ত বিরোধ থেকেই এ সহিংসতার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।