শিরোনাম

ঝিনাইদহ, ১৮ মে, ২০২৬, (বাসস): জেলার মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মাহাবুল হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বজরাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহাবুল হোসেন উপজেলার মাইলবাড়িয়া গ্রামের আলী বক্সের ছেলে। এ ঘটনায় নিহতের পরিবার ও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্বজনরা জানায়, সকালে মাহাবুল হোসেন মোটরসাইকেল যোগে নিজ গ্রামের বাড়ি থেকে ঝিনাইদহ শহরে কোর্টের উদ্দেশে রওনা হন।
পথিমধ্যে বজরাপুর এলাকায় পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।