শিরোনাম

বরিশাল, ১৭ মে, ২০২৬ (বাসস) : ভূমি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ১৯ থেকে ২১ মে পর্যন্ত বরিশাল বিভাগের ৬টি জেলা ও ৪২টি উপজেলায় ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা অনুষ্ঠিত হবে।
আজ রোববার সকাল ১০ টায় নগরীর সার্কিট হাউজের সম্মেলনকক্ষে মেলা উপলক্ষে বরিশাল অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আহসান হাবিব ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে এক সংবাদ সম্মেলন করেন।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, দেশের সার্বিক ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব, স্বচ্ছ ও সহজলভ্য করার অভিপ্রায়ে নতুন প্রযুক্তিনির্ভর ডিজিটালাইজড ভূমিসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে এ মেলার আয়োজন করা হবে। সাম্প্রতিক বছরগুলোতে ভূমি মন্ত্রণালয় যেসব যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে তা শুধু ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার রূপান্তরের উদাহরণ নয়, এটি জনগণকে ক্ষমতায়নের একটি পথও বটে।
তিনি জানান, সাধারণ নাগরিককে নির্দিষ্ট ফি এর বিনিময়ে হয়রানিমুক্ত ডিজিটালাইজড ভূমি সেবা প্রদানের লক্ষ্যে দেশব্যাপী ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু করা হচ্ছে। ভবিষ্যতে ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার সিঙ্গেল অ্যাপ বা প্ল্যাটফর্ম সেবা চালুকরণ, জমি ক্রয়ের সাথে সাথেই মালিকানা সনদ প্রদান, জাতীয় ডিজিটাল ল্যান্ড জোনিং এর মাধ্যমে ভূমি জরিপ বিরোধ নিষ্পত্তি ও সমন্বিত ভূমি অফিস নির্মাণ এবং আধুনিক রেকর্ডরুম নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে।
তিনি আরও জানান, ৩ দিনব্যাপী এই ভূমি মেলা হবে সাধারণ মানুষের ভূমি সংক্রান্ত দুর্ভোগ লাঘবে এক কার্যকর পদক্ষেপ এবং সচেতনতা বৃদ্ধির একটি উত্তম প্ল্যাটফর্ম। মেলায় নাগরিকগণ ই-নামজারির আবেদন, ভূমি উন্নয়ন কর প্রদানে রেজিস্ট্রেশন সম্পন্নকরণ, খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন ও তাৎক্ষণিকভাবে তা গ্রহণ এবং সেবা বুথে নিয়োজিত কর্মকর্তার নিকট ভূমি সেবা বিষয়ক বিভিন্ন জিজ্ঞাসার উত্তরসহ বিভিন্ন ভূমিসেবা পাবেন।
এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার বরিশাল বিভাগের সর্বস্তরের নাগরিক, সাংবাদিক, সুধীসমাজ ও জনপ্রতিনিধিগণ ভূমি মেলায় অংশ নিয়ে ডিজিটাল ভূমি সেবাগুলোর সাথে পরিচিত হবেন এবং জনগণকে এই বিষয়ে উৎসাহিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।