বাসস
  ১৭ মে ২০২৬, ১৯:২৫

নেত্রকোণায় ঈদ-উল-আযহা উদযাপনে প্রস্তুতিমূলক সভা 

ছবি: বাসস

নেত্রকোণা, ১৭ মে, ২০২৬ (বাসস) : আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষে নেত্রকোণায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে আজ রোববার দুপুর ২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন স্থানীয় সরকারের উপপরিচালক ও নেত্রকোণা পৌর প্রশাসক মে. আরিফুল ইসলাম সরদার, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মতিন, জেলা আনসারের জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ জিন্নাতুল ইসলাম, পুলিশের প্রতিনিধি পরিদর্শক (অপরাধ) হাফিজুর রহমান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা এবং বিআরটিএর পরিদর্শক মোহাম্মদ রুহুল আমিন। 

এছাড়াও জেলা বিপ্লবী ওয়ার্কাস পার্টির সভাপতি সজীব সরকার রতন, জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমেদ হারিছ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান খান খসরু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক শেখ হাসনাত জনি, জেলা প্রেসক্লাবের সাবেক সম্পাদক এম মুখলেছুর রহমান খান ও গণমাধ্যমকর্মী আলপনা বেগম মুক্ত আলোচনায় বিভিন্ন সমস্যা ও সমাধানের রূপরেখা সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করেন।

সভায় ঈদ-উল-আযহা উপলক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, পশুর হাটের নিরাপত্তা ও ব্যবস্থাপনা, ট্রাফিক নিয়ন্ত্রণ, পবিত্র ঈদ-উল-আযহার প্রধান প্রধান জামাতসমূহের স্থান ও সময় নির্ধারণ এবং কোরবানির পর দ্রুততম সময়ের মধ্যে পশুর বর্জ্য অপসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিবৃন্দ, এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।