শিরোনাম

রাজশাহী, ১৭ মে, ২০২৬ (বাসস) : রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা সাড়ে ১১টায় আরএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় নগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা এবং অপরাধ দমনে পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, নগরীর শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধমুক্ত রাজশাহী গড়তে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজের যেকোনো অপরাধমূলক কর্মকা- সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
সাংবাদিক নেতৃবৃন্দ নগরীর আইন-শৃঙ্খলা রক্ষায় আরএমপিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় তথ্য প্রাপ্তি সহজ করার অনুরোধ জানান।
সভায় অন্যান্যের মধ্যে আরএমপির অতিরিক্ত কমিশনার ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম পিপিএম, আরএমপির মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।