শিরোনাম

হবিগঞ্জ, ১৭ মে, ২০২৬ (বাসস) : জেলা শহরের ধুলিয়াখাল বাইপাস সড়কে থেমে থাকা ট্রাকের সাথে ধাক্কা খেয়ে পিতা ও পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার সুলতান মাহমুদপুর এলাকার কাইয়ুম মিয়া (৫০) ও তার পুত্র জাকির মিয়া (২৫)। গতকাল শনিবার (১৬ মে) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে হবিগঞ্জ ধুলিয়াখাল বাইপাস এলাকায় একটি ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় কাইয়ুম মিয়া ও তার পুত্র জাকির ধুলিয়াখাল থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। রাতের অন্ধকারে পথে দাঁড়িয়ে থাকা ট্রাকটির সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে পিতা ও পুত্র মারাত্মক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকটি দূর থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না। রাতের অন্ধকার ও দ্রুতগতির কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।