বাসস
  ১৬ মে ২০২৬, ১৩:৪০

স্বাস্থ্যকর নগরী গড়তে কুড়িগ্রামে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

আজ সকালে শহরের কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

কুড়িগ্রাম, ১৬ মে ২০২৬ (বাসস) : স্বাস্থ্যকর পরিবেশ ও পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার লক্ষ্যে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে কুড়িগ্রাম জেলা প্রশাসন। আজ সকালে শহরের কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

প্রতি সপ্তাহের শনিবার নিয়মিত পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে আজ এ অভিযান পরিচালনা করা হয়। 

কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । 

অন্নপূর্ণা দেবনাথ বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সচেতনতা ও পরিচ্ছন্নতা। বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখলে মশার বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব। তিনি এলাকাবাসীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।  

জেলা প্রশাসক বলেন, কুড়িগ্রামে এখনো বড় ধরনের ডেঙ্গুর প্রাদুর্ভাব না দেখা দিলেও বর্ষা মৌসুমকে সামনে রেখে সবাইকে সতর্ক থাকতে হবে। ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ সাধারণ মানুষকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত-এ-খুদা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মাহবুবে সোবহানী, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক নাজমুন নাহার বিউটি, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, জেলা বিএনপির সদস্য ডা. রকিবুল হাসান বাঁধন ও ছাত্রনেতা আমিমুল ইহসান প্রমুখ।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এ সময় মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে পরামর্শ দেওয়া হয়।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি বাড়তে পারে। তাই আগাম সতর্কতা ও নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখা জরুরি।