শিরোনাম

নড়াইল, ১৬ মে, ২০২৬ (বাসস) : জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১২ মে মঙ্গলবার রাতে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নড়াইল জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটির আহ্বায়ক হচ্ছেন খন্দকার মাহমুদুল হাসান সনি এবং সদস্য সচিব করা হয়েছে মামুন গাজীকে। এছাড়া সৈয়দ রোবায়েত খোরশেদ শাথীলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং রাকিবুজ্জামান পাপ্পুকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে গত বুধবার বিকেল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত জেলা শহরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। নড়াইল জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস টার্মিনাল এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন নবগঠিত কমিটির আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি, সদস্য সচিব মামুন গাজী ও সদ্য বিদায়ী জেলা ছাত্রদলের সভাপতি মো. ফরিদ হোসেন বিশ্বাস।
উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, নগর বিএনপি’র সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান প্রমূখ।
পরে রাত ৮টার দিকে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনিসহ অন্যান্য নেতৃবৃন্দ নড়াইল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন।
কমিটির আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি বলেন, ছাত্র রাজনীতিতে ইতিবাচক ধারা ফিরিয়ে আনতে হলে মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। কোনো মাদকসেবী, সস্ত্রাসী কিংবা
চাঁদাবাজের স্থান ছাত্রদলে হবে না। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার টেবিলে নিয়মিত বসার আহ্বান জানিয়ে বলেন, মেধা বিকাশে পড়ালেখার কোনো বিকল্প নেই।