শিরোনাম

নেত্রকোণা, ১৫ মে, ২০২৬ (বাসস): জেলার কেন্দুয়া উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এনামুল (২৫) নামে আজ এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার মাসকা ইউনিয়নের মাসকা হাওরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এনামুল ওই ইউনিয়নের মাসকা গ্রামের বকুল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সারাদিন বৃষ্টির মধ্যে এনামুল বাড়ির সামনের মাসকা হাওরে মাছ ধরতে যান। বিকেল ৪টার দিকে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাকসুদ বাসস’কে জানান, সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।
যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া নিহতের পরিবারকে সরকারি সহায়তা প্রদান করা হবে বলেও তিনি জানান।