শিরোনাম

রাঙ্গামাটি, ১৪ মে, ২০২৬ (বাসস) : জেলার সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধের অংশ হিসেবে আজ সকালে অভিযান চালিয়ে উপজেলার ছোট হরিণা এলাকায় ভারতে পাচারকালে বিপুল পরিমাণ রসুন আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার সকালে উপজেলার ছোট হরিণা ব্যাটালিয়নের (১২ বিজিবি) জোন অধিনায়ক লে. কর্নেল ইমরুল কায়েস মেহেদীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ছোট হরিনা বাজারঘাট এলাকায় কর্ণফুলী নদীতে বার্মা বোট থেকে ৩শ’ ১৫ কেজি বাংলাদেশি রসুন ভারতে পাচারের সময় আটক করতে সক্ষম হয়।
আটক মালামালের আনুমানিক মূল্য ৯৪ হাজার ৫শ’ টাকা।
এ বিষয়ে ছোট হরিণা ব্যাটালিয়নের (১২ বিজিবি) জোন অধিনায়ক লে. কর্নেল ইমরুল কায়েস মেহেদী বাসস’কে জানান, উদ্ধার সকল মালামাল সংশ্লিষ্ট বিধি-বিধান অনুযায়ী আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তর ও নিষ্পত্তির কার্যক্রম চলমান রয়েছে। এসব ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, সীমান্তবর্তী নদী ও স্থলপথ ব্যবহার করে অবৈধ পণ্য পাচারের প্রবণতা রোধকল্পে নিয়মিত টহল, বিশেষ অভিযান এবং নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে।
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালানমুক্ত পরিবেশ গড়ে তুলতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।