বাসস
  ১৪ মে ২০২৬, ১২:৫৫

টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

প্রতীকী ছবি

গাজীপুর, ১৪ মে ২০২৬ (বাসস) : জেলার সদর উপজেলাধীন ধীরাশ্রম রেলওয়ে স্টেশন এলাকায় টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার রাত সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত দুই যুবকের নাম পরিচয় জানা যায়নি। জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কাইয়ুম আলী আজ সকালে বাসসকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রেলওয়ে স্টেশনটি নান্দনিকভাবে নির্মিত হওয়ায় সেখানে প্রায়ই তরুণরা টিকটক ভিডিও করেন। বুধবার রাতে দুই যুবক রেললাইনের ওপর দাঁড়িয়ে ভিডিও ধারণ করছিলেন। এসময়  আশপাশের লোকজন তাদের ডাকাডাকি করলেও তারা ভিডিও ধারণে মগ্ন ছিলেন। এ সময় দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি দ্রুতগতিতে এসে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। রেলওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। 

রেলওয়ে কর্তৃপক্ষ এ ঘটনায় রেললাইন এলাকায় ভিডিও বা ছবি তোলার ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

জয়দেবপুর জংশন রেলওয়ে পুলিশের ইনচার্জ মো. আবদুল কাইয়ুম বলেন, নিহত দুজনের মধ্যে একজনের বয়স আনুমানিক (২০) বছর এবং অন্যজনের বয়স (৩৫) বছর।