শিরোনাম

শরীয়তপুর, ১৩ মে, ২০২৬ (বাসস) : ‘অটিজম কোন সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান’' এ প্রতিপাদ্যে শরীয়তপুরে ১৯তম বিশ্ব অটিজম দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা সহায়তা কেন্দ্রের আয়োজনে আজ বুধবার সকাল ১০টায় দিবসটি গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসকের প্রতিনিধি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া জেরিন।
আলোচনায় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হোসেন, সমাজসেবা অধিদফতরের উপপরিচালক আনোয়ারুল কবির, প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার, প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আবদু সামাদ বেপারী, এসডিএস এর উপ-পরিচালক আমলা দাস।