বাসস
  ১৩ মে ২০২৬, ১২:২১

মেহেরপুরে বিশ্ব অটিজম দিবস পালিত

দিবসটি উপলক্ষে আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

মেহেরপুর, ১৩ মে, ২০২৬, (বাসস) : ‘অটিজম কোনো সীমাবদ্ধতা নয়-প্রতিটি জীবন মূল্যবান’-এই প্রতিপাদ্যে ১৯তম বিশ্ব অটিজম দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আশাদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. আবু সাইদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাসান আপু, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আনিসুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, অটিজম কোনো প্রতিবন্ধকতা নয়। সমাজের সকল স্তরের মানুষকে অটিজম সম্পর্কে সচেতন হতে হবে এবং অটিজম শিশুদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে। তাদের শিক্ষা, চিকিৎসা ও সামাজিক অধিকার নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

আলোচনার আগে জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে একটি র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শেষ হয়।