শিরোনাম

হবিগঞ্জ, ১৩ মে, ২০২৬, (বাসস) : হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস চলাচলে বাধা ও বাস আটকে রাখার প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
প্রশাসনের আশ্বাস ও সাধারণ যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে গতকাল মঙ্গলবার গভীর রাতে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর ফলে আজ বুধবার সকাল থেকে মহাসড়ক দিয়ে হবিগঞ্জ-সিলেট রুটে বিরতিহীন বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
এর আগে মঙ্গলবার সকাল থেকে হবিগঞ্জ থেকে সিলেটসহ বিভিন্ন রুটে কোনো বাস ছেড়ে যায়নি। আকস্মিক বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
জরুরি প্রয়োজনে অনেককে বিকল্প যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে দেখা গেছে।
তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত শ্রীমঙ্গল-ভায়া-মৌলভীবাজার সড়কে বাস চলাচল বন্ধ থাকবে।
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী জানান, গত রোববার সকাল ৭টা থেকে মৌলভীবাজার মোটর মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম রিপনের নেতৃত্বে শেরপুর এলাকায় হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসগুলো আটকে রাখা হয়।
এর প্রতিবাদেই হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়। তবে যাত্রীদের কথা বিবেচনা করে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।