বাসস
  ১৩ মে ২০২৬, ১০:৩৭

জলাবদ্ধতা নিরসনে কুসিক প্রশাসকের খাল পরিদর্শন

 নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ খাল পরিদর্শন করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।ছবি: বাসস

কুমিল্লা, ১৩ মে, ২০২৬, (বাসস) : সিটি কর্পোরেশন এলাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের  লক্ষ্যে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ খাল পরিদর্শন করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

গতকাল মঙ্গলবার বিকেলে তিনি নগরীর বিভিন্ন খাল সরেজমিনে পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, প্রধান প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়া, নির্বাহী প্রকৌশলী মাঈন উদ্দিন চিশতী এবং সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়।

পরিদর্শনকালে গুইন্গাজুরি খাল থেকে জেলখানাবাড়ি হয়ে বিজয়পুর রেলগেইট খাল অতিক্রম করে ডাকাতিয়া নদীর প্রবেশমুখ পর্যন্ত খালের আউটলাইন পরিষ্কার, অবৈধ প্রতিবন্ধকতা অপসারণ এবং প্রয়োজনীয় খনন কার্যক্রম বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।

এসময় প্রশাসক ইউসুফ মোল্লা টিপু সংশ্লিষ্টদের জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। 

তিনি বলেন, নগরবাসীর দুর্ভোগ কমাতে কুমিল্লা সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং খালসমূহ সচল রাখতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।