বাসস
  ১২ মে ২০২৬, ১৪:৪৭
আপডেট : ১২ মে ২০২৬, ১৪:৫২

ফেনীতে ৬ মাদকাসক্তকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

ফেনী, ১২ মে, ২০২৬, (বাসস) : ফেনীতে ভ্রাম্যমাণ আদালত পৃথক অভিযান চালিয়ে ৬ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন। 

গতকাল সোমবার রাতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারদানা বিনতে জামান ও শামীমা আক্তার এ রায় প্রদান করেন।

জানা গেছে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ইশতিয়াক হোসেনের নেতৃত্বে একটি টিমের সহযোগিতায় শহরতলীর কালিপাল, লালপোল এলাকায় মাদক বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের চরগোপালগাঁও গ্রামের মফিজ মিয়ার ছেলে মো. কোরবান আলী (৩২), চরচান্দিয়া ইউনিয়নের মো. ইসরাফিলের ছেলে মো. জসিম উদ্দিন (৩৫), বালিগাঁও ইউনিয়নের শামছুল হকের ছেলে মো. আলমগীর (২৩), ধলিয়া ইউনিয়নের একরামুল হকের ছেলে মো. ইয়াসিন (৩৮), মহিপাল এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে সাইদুর রহমান (৩৫) ও দাগনভূঞা উপজেলার আবুল কাশেমের ছেলে মো: আবুল হোসেনকে (২৭) গাঁজাসহ আটক করে।

আটক প্রত্যেককে ৫ দিন করে কারাদণ্ড ও একশত টাকা করে জরিমানা করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ জানান, জেলাব্যাপী মাদক নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টির লক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সভা সেমিনার, বিভিন্নস্থানে পথসভা ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।