বাসস
  ১২ মে ২০২৬, ১৪:৩৪
আপডেট : ১২ মে ২০২৬, ১৪:৪৫

জয়পুরহাটে প্রতিদিন ১০ ট্রাক করে টিসিবির পণ্য বিক্রি শুরু

সোমবার কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলার ইউএনও আশিক উর রহমান। ছবি: বাসস

জয়পুরহাট, ১২ মে, ২০২৬, (বাসস) : ঈদুল আযহা উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে জয়পুরহাটে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে।

গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের ব্যস্ততম এলাকা কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিক উর রহমান। 

উদ্বোধনী দিনে জয়পুরহাট পৌর শহরে ৫টি স্থানে ৪০০ জন করে ভোক্তার মাঝে সাশ্রয়ী মূল্যে এসব পণ্য দেয়া হবে। 

জনপ্রতি ২ লিটার ভোজ্যতেল (সয়াবিন) প্রতি লিটার ১৩০ টাকা, চিনি ১ কেজি ৮০ টাকা ও মসুর
ডাল ২ কেজি প্রতিকেজি ৭০ টাকা দরে বিক্রি করা হয়। 

জয়পুরহাট জেলা টিসিবি ডিলার সমিতির সাধারণ সম্পাদক মাসুদ ট্রেডার্সের স্বত্বাধিকারী মাসুদ রানা জানান, আগামী ২১ মে পর্যন্ত জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় ৩৭ জন ডিলারের মাধ্যমে প্রতিদিন ১০টি ট্রাকে করে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাশ্রয়ী মূল্যে বাণিজ্য মন্ত্রণালয়ের অধিনে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবির এসব পণ্য বিক্রি করা হবে। 

প্রতিদিন একজন ডিলারের কাছ থেকে ১ জন ক্রেতা ২ লিটার সয়াবিন, এক কেজি চিনি ও ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন। এতে করে বাজারে দ্রব্যমূল্য কিছুটা হলেও সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হবে।