শিরোনাম

নেত্রকোণা, ১২ মে, ২০২৬, (বাসস) : বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় সদর উপজেলার ৩৪ জন দুস্থ ও অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক তাদের হাতে এসব সেলাই মেশিন তুলে দেন।
এ সময় প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার দেশের তৃণমূল পর্যায়ের মানুষের জীবনমান উন্নয়ন ও নারীদের ক্ষমতায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি সদর উপজেলার ১২টি ইউনিয়নের মোট ৩৪ জন নারীকে এসব সেলাই মেশিন যথাযথভাবে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা বিনতে রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ এবং উপজেলা কৃষি কর্মকর্তা রেহনুমা নওরীন।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।