শিরোনাম

সিরাজগঞ্জ, ১১ মে, ২০২৬ (বাসস) : জেলার তাড়াশ উপজেলায় প্রান্তিক কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার সকালে তাড়াশ খাদ্য গুদাম চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক ফিতা কেটে এ ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।
প্রধান অতিথি বলেন, এবার বোরো ধানের ফলন ভাল হযেছে। নির্ধারিত সময়ের আগেই ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশা করা হচ্ছে। সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে। কোন অনিয়ম করা যাবে না।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম আফসার আলী, তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুজন কর্মকার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা হযরত আলী প্রমুখ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুজন কর্মকার বাসস’কে বলেন, এ বছর তাড়াশ উপজেলায় ৩৬ টাকা কেজি দরে ২২ হাজার ৪৪ মে.টন ধান এবং ৪৯ টাকা দরে ৫০৬ মে. টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিস থেকে প্রাপ্ত তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে এ ধান সংগ্রহ করা হবে। একজন কৃষক সর্বনিম্ন ১২০ কেজি এবং সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান গুদামে সরবরাহ করতে পারবেন। ১১ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত এই সংগ্রহ কার্যক্রম চলবে।