বাসস
  ১১ মে ২০২৬, ১৫:২২

পিরোজপুরে জেলা পরিষদের প্রশাসক আলমগীরকে প্রেসক্লাবের সংবর্ধনা

অধ্যক্ষ আলমগীর হোসেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পাওয়ায় সংবর্ধনা দিয়েছে পিরোজপুর প্রেসক্লাব।ছবি: বাসস

পিরোজপুর, ১১ মে, ২০২৬ (বাসস) : পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পাওয়ায় সংবর্ধনা দিয়েছে পিরোজপুর প্রেসক্লাব।

গতকাল রোববার রাত ৯টায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দেয়া হয়।

প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলামের সভাপতিত্বে এবং সম্পাদক জিয়াউল হকের সঞ্চালনায় এ সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, পিরোজপুর চেম্বার অফ কমার্স এর প্রেসিডেন্ট গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান।

বক্তারা বলেন, অধ্যক্ষ আলমগীর হোসেন পিরোজপুর প্রেসক্লাবের একজন অভিভাবক। তিনি প্রেসক্লাবের আজীবন সদস্য। সাংবাদিকতা ও সামাজিক ক্ষেত্রে তার বর্ণাঢ্য পদচারণা আমাদের জন্য অনুপ্রেরণার। বর্তমানে জেলা পরিষদের প্রশাসক হিসেবে তার সুদক্ষ নেতৃত্বে পিরোজপুর জেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান হবে।

জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, পিরোজপুর প্রেসক্লাব আমার দীর্ঘদিনের কর্মস্থল এবং আবেগের জায়গা। জেলা পরিষদের প্রশাসক হিসেবে পিরোজপুরের সার্বিক উন্নয়নে আমি সব সময় সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করি।

তিনি বলেন, এই সংবর্ধনা আমাকে আরও জনকল্যাণমূলক কাজ করতে উৎসাহিত করবে।

এ সময় পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদকসহ বর্তমান কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।