বাসস
  ১১ মে ২০২৬, ১২:০০

দুর্নীতি প্রতিরোধে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের পরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা-১) মো. মোজাহার আলী সরদার। ছবি: বাসস

রাজশাহী, ১১ মে , ২০২৬, (বাসস): দুর্নীতি দমন ও প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং স্থানীয় পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির কার্যক্রম আরও শক্তিশালী করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার সকালে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় রাজশাহীর আয়োজনে গণপূর্ত অধিদপ্তর অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

এতে রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা ও মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের পরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা-১) মো. মোজাহার আলী সরদার। 

তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠনের মূল উদ্দেশ্য হলো সমাজের সর্বস্তরে সততা, ন্যায়নীতি ও জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠা করা। কেবল আইন প্রয়োগের মাধ্যমে দুর্নীতি নির্মূল সম্ভব নয়, এ জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। 

দুর্নীতি প্রতিরোধে তথ্য অধিকার আইন, ২০০৯-এর গুরুত্ব তুলে ধরে জেলা তথ্য অফিস, রাজশাহীর উপপরিচালক নাফেয়ালা নাসরিন বলেন, তথ্য অধিকার আইন জনগণের জবাবদিহিতা নিশ্চিত করার একটি কার্যকর মাধ্যম। সরকারি দপ্তরের তথ্য জনগণের জন্য উন্মুক্ত থাকলে দুর্নীতির সুযোগ অনেকাংশে কমে যায়। 

বিশেষ অতিথির বক্তব্যে দুর্নীতি দমন কমিশন বিভাগীয় কার্যালয়ের পরিচালক (অ. দা.) একেএম ফজলে হোসেন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সততা স্টোর ও সততা সংঘ গঠনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে নৈতিকতা ও দেশপ্রেম জাগ্রত করা সম্ভব।

দুর্নীতি প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা তুলে ধরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর রাজশাহীর পরিচালক প্রফেসর মোহা. আছাদুজ্জামান বলেন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 

একটি সৎ ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।