বাসস
  ১০ মে ২০২৬, ১২:০০

কুষ্টিয়ায় নকল সিগারেট উদ্ধার, কারখানা সিলগালা

দৌলতপুর উপজেলায় অবৈধ কারখানায় অভিযান চালিয়ে বিপুল নকল সিগারেট উদ্ধার করেছে র‌্যাব। ছবি:বাসস

কুষ্টিয়া, ১০ মে, ২০২৬, (বাসস) : জেলার দৌলতপুর উপজেলায় অবৈধ কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ডার্বি ও স্টার ব্র্যান্ডের সিগারেট, প্রসেসড তামাক ও ফিল্টার উদ্ধার করেছে র‌্যাব-১২। 

এ সময় কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। গতকাল শনিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়ার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার।

র‌্যাব-১২ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, দৌলতপুর ইউনিয়নের গড়বাড়িয়া গ্রামের একটি ভাড়া নেওয়া কারখানায় নকল ডার্বি ও স্টার ব্র্যান্ডের সিগারেট তৈরি করে অবৈধভাবে বাজারজাত করা হচ্ছে। পরে র‌্যারের একটি আভিযানিক দল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেল-২, ভেড়ামারা কুষ্টিয়ার সহকারী রাজস্ব কর্মকর্তাকে সঙ্গে নিয়ে অভিযান চালায়।

অভিযানের উপস্থিতি টের পেয়ে কারখানার মালিক, ম্যানেজার ও কর্মচারীরা পালিয়ে যান। পরে কারখানায় তল্লাশি চালিয়ে ১ লাখ শলাকা নকল ডার্বি ও স্টার ব্র্যান্ডের সিগারেট, ১৫০ কেজি তামাক এবং ২৪ হাজার শলাকা সিগারেট তৈরির ফিল্টার উদ্ধার করা হয়।

আরও জানায়, সিগারেট তৈরির ৬টি মেশিন জব্দ করে কারখানাটি সিলগালা করা হয়েছে। উদ্ধারকৃত মালামাল জব্দ তালিকামূলে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের হেফাজতে নেয়া হয়েছে।

এ ঘটনায় দৌলতপুর থানায় প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‌্যাব।