শিরোনাম

শেরপুর, ৯ মে, ২০২৬ (বাসস): জেলার নকলা উপজেলার ঢাকা-শেরপুর মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় মাহিন্দ্র ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন একজন।
আজ শনিবার সকাল ৭ টার দিকে উপজেলা শহরের জালালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হাশেম (৪০) নকলা উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের দড়িতেঘরি এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকাল সাতটার দিকে নকলা থেকে মালবাহী একটি মাহিন্দ্র ট্রাক্টর শেরপুরের দিকে যাচ্ছিল। এসময় জালালপুর এলাকায় পৌঁছলে পেছন থেকে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাস ওভারটেক করতে চাইলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি সামনে পড়ে। এতে বাসটি পাশ কেটে পেছন দিক থেকে মাহিন্দ্রকে ধাক্কা দেয়। ফলে মাহিন্দ্র উল্টে চালক আবুল হাশেম ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
অন্যদিকে সিএনজির সাথে ধাক্কা লেগে সিএনজির এক যাত্রী গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়েছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, বাসটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।