বাসস
  ০৮ মে ২০২৬, ২৩:৪৫

কুমিল্লা সীমান্তে ৯৪ লাখ টাকার ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ

ঢাকা, ৮ মে, ২০২৬ (বাসস) : কুমিল্লার আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী বড়জ্বালা এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ৯৪ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-এর সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে সীমান্ত পিলার ২০৭৬/২-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বড়জ্বালা নামক স্থানে মালিকবিহীন ভারতীয় অবৈধ ১ হাজার ৭০৬টি মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল ফোনের ডিসপ্লের আনুমানিক সিজার মূল্য ৯৩ লাখ ৮৩ হাজার টাকা। জব্দকৃত মালামাল যথাযথ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা প্রদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, সুলতানপুর ব্যাটালিয়ন সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি চোরাচালান প্রতিরোধে সর্বদা তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও অভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।